অ্যামাজনের পক্ষে গেলো ইউনিয়ন নির্বাচন
কর্মীরা ইউনিয়ন গঠন করতে পারে সেই অধিকারের প্রতি অ্যামাজন শ্রদ্ধাশীল জানালেও বিভিন্ন প্রচারণা ও কর্মীসভায় বরাবরই ইউনিয়ন গঠনের বিপক্ষে বিশ্বের শীর্ষ ই-কমার্স জায়ান্টটি। ইউনিয়ন গঠন হবে কি হবে না সেটি নিয়ে আয়োজিত নির্বাচনকে ঘিরে বেশ বেকায়দায় ছিলো অ্যামাজন। তবে প্রাথমিক ফলাফল অ্যামাজনের পক্ষেই বা ইউনিয়ন তৈরির বিপক্ষে গেছে।
আলাবামার বেসেমারেতে অনুষ্ঠিত ভোটে অধিকাংশ কর্মী ইউনিয়ন গঠনের বিপক্ষে ভোট দিয়েছেন। মোট পাঁচ হাজার ৮০০ কর্মীর ওয়্যারহাউজে আয়োজিত ভোটে তিন হাজার ২১৫টি ভোট ইউনিয়ন গঠনের বিপক্ষে রায় দিয়েছে।
তবে রিটেইল হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ওয়্যারহাউজ ইউনিয়ন (আরডাব্লিউডিএসইউ) অভিযোগ করেছে যে অ্যামাজন প্রাতিষ্ঠানিকভাবে কর্মীদের ইউনিয়ন করার উদ্যোগকে বাতিলের চেষ্টা করেছে। প্রায় পাঁচশ ভোট নিয়ে ইউনিয়নটি আপত্তি তুলেছে। যদিও এই পাঁচশ ভোট বাতিল করা হলেও নির্বাচনী ফলাফল অ্যামাজনের পক্ষেই থাকবে। ফলে আপাতভাবে ইউনিয়ন তৈরির হচ্ছে না।
অ্যামাজন বরাবরই শ্রমিক ইউনিয়নের পক্ষে নয়। লাখ লাখ ডলার খরচ করে অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা ভাড়া করে কর্মীদের উপর নজর রাখার অভিযোগ রয়েছে কোম্পানিটির। এমনকি ইউনিয়নে যুক্ত হলে বিভিন্ন সুযোগ সুবিধা বাতিলসহ চাকরি থেকে অব্যহতির হুমকি দেয়ার অভিযোগও রয়েছে ই-কমার্স জায়ান্টটির বিরুদ্ধে।
ডিবিটেক/বিএমটি